ঠাকুরগাঁও পৌর এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত টিসিবির পণ্য কার্ড নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। পৌরসভার তথ্য অনুযায়ী, ৭০৮০ জন তালিকাভুক্ত ব্যক্তির মধ্যে মাত্র ৩১৩৯ জনকে টিসিবির পণ্য কার্ড দেওয়া হয়েছে। বাকি ৩৯৪১ জন এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। ফলে বঞ্চিত মানুষের মাঝে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। ঠাকুরগাঁও পৌরসভা সূত্র জানিয়েছে, টিসিবির কার্ড বিতরণের প্রক্রিয়ায় যাচাই-বাছাই চলমান। তবে কার্ড পাওয়া ও বিতরণের ক্ষেত্রে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ থাকতে পারে না ও হতে পারে। বিগত আওয়ামী আমলে প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে কার্ড তৈরি এবং বিতরণ প্রক্রিয়ায় দলীয় আনুকূল্য প্রদানের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রকৃত সুবিধা ভোগীদের পরিবর্তে রাজনৈতিক বলয়ের পছন্দের মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কার্ড না পাওয়া পৌরবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য এই কার্ড বড় সহায়ক হতে পারত। কিন্তু দলীয় প্রভাবের কারণে আমরা বঞ্চিত হয়েছি।” তারা নতুন করে দলমুক্ত ও সুষ্ঠ যাচাইয়ের মাধ্যমে কার্ড বিতরণের দাবি তুলেছেন। বঞ্চিত পৌরবাসী টিসিবির পণ্য কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে প্রকৃত সুবিধাভোগীদের বাছাই করে নতুন তালিকা তৈরি করা হোক। ঠাকুরগাঁও পৌরসভা এ বিষয়ে নতুন কোনও উদ্যোগ নেবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা আসেনি। তবে সাধারণ মানুষের দাবি, এই প্রক্রিয়ায় যদি স্বচ্ছতা আনা যায়, তাহলে সুবিধা বঞ্চিত অসহায় মানুষগুলো ন্যায্য সুযোগ পাবেন এবং তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে

