ঠাকুরগাঁও, ২৮ জানুয়ারি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আজ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল বিষয়বস্তু ছিল “মানসম্মত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়”। সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা জনাব মোঃ মোফাজ্জল হোসেন। তিনি প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে ঠাকুরগাঁও জেলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেন। তার উপস্থাপনায় জানা যায়, ঠাকুরগাঁও জেলায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,৫৫৭টি। এর মধ্যে ৩৩টি ক্লাস্টার এবং ১৫৫টি সাব-ক্লাস্টার রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলী। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধ, প্রশাসনিক উদ্যোগ এবং সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, পর্যাপ্ত প্রশিক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা জরুরি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নানামুখী উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক আলোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে মতবিনিময় করেন। সমগ্র আয়োজন ছিল উদ্দীপনাপূর্ণ এবং শিক্ষার উন্নয়ন বিষয়ে আশাব্যঞ্জক।

