খুলনার ডুমুরিয়ায় আঠাঁরো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় আঠাঁরো মাইল কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আঠারো মাইল বাজারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ ব্যবসায়ীরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা-বাণিজ্য করছি। কিন্তু একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত কাঁচাবাজারটি স্থানান্তর করিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চাচ্ছে। যার কারণে আমরা সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি। তারা আরো বলেন, এই আঠারো মাইল কাঁচাবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের সাথে শুধু আমরা নই, সাধারণ কৃষকরাও সম্পৃক্ত। এই বাজার স্থানান্তর করলে শুধু ব্যবসায়ীরা নয় সাধারণ কৃষকরা ও ক্ষতিগ্রস্ত হবে। এখানে প্রায় ৬০টি কাঁচা বাজার আঁড়ত রয়েছে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি করে বলেন, এই কাঁচা বাজার স্থানান্তরের নামে তদবির করা কুচক্রী মহলকে তদন্তের মাধ্যমে যথাযথ আইনের আওতায় আনতে হবে। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কাঁচাবাজার আঁড়ৎ বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ডুমুরিয়ার মাগুরা গুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরশাফুল ইসলাম, ব্যবসায়ী হাজী রবিউল ইসলামসহ আরো অনেকে। মানববন্ধনে সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ বলেন, কোনক্রমেই বাজার স্থানান্তর করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

