বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট ও ৫ আগস্ট হত্যা মামলায় পাঁচবিবির সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ২২ জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহেদ আল মামুন। পুলিশ জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাটে ৪ আগস্ট পাঁচবিবির শিক্ষার্থী বিশাল ও ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জয়পুরহাট শহরের মেহেদী হাসান হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী হাবিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব জেলার পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা পুলিশের এস আই জাহাঙ্গীর আলম বলেন, গতকাল ২১ জানুয়ারি ঢাকা শিল্প কলা একাডেমির সামনে সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে শিল্পাঞ্চল থানা পুলিশ জয়পুরহাট সদর থানায় খবর দেয়। জয়পুরহাট সদর থানা ডিবি পুলিশকে অবহিত করে। জয়পুরহাটের ডিবি পুলিশের একদল টিম ঢাকায় অবস্থান করছিল। পরে ঢাকায় অবস্থানরত ডিবি পুলিশের সদস্যরা হাবিবকে গ্রেপ্তার জয়পুরহাটে নিয়ে আসেন।

