পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লীতে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে প্রচণ্ড শীতে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। নিহত মোস্তফা শেখ বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে। তিনি শ্যালার চর শুঁটকি পল্লীর মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়াকরণের কাজ করতেন। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার জানান, প্রচণ্ড শীতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মোস্তফা শেখ মারা যান। তার মরদেহ মঙ্গলবার সকালে ট্রলারযোগে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শুঁটকি প্রক্রিয়াকরণের কাজে নিয়োজিত জেলেরা প্রতিকূল আবহাওয়ায় কাজ করতে গিয়ে শারীরিক নানা সমস্যার সম্মুখীন হন। শীতকালীন সময় এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।

