আগামী ১ ফেব্রুয়ারি ২৫ ( শনিবার ) থেকে খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে এ মেলা চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। তবে ছুটির দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। বইমেলা আয়োজন উপলক্ষে সোমবার ( ৬ জানুয়ারি ) দুপুরে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। গতকাল ৬ জানুয়ারি ২০২৫, সোমবার সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসক, খুলনার সম্মেলন কক্ষে ‘একুশে বইমেলা, খুলনা-২০২৫’এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খুলনার কবি-সাহিত্যিক- সাংবাদিক, পাঠক-সংস্কৃতজন সকলে এই সভায় উপস্থিতি ছিলো। সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে মাসব্যাপী খুলনা একুশে বইমেলা প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতিনিধিরা। সভায় মতামত ব্যক্ত করেন, সাংবাদিক দিদারুল আলম , মানবজমিন ব্যুরো প্রধান সাংবাদিক রাশিদুল ইসলাম, দৈনিক পাঞ্জেরীর ব্যুরো প্রধান অবিচল সাহিত্য ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতিনিধি মহরম হাসান মাহিম, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু , কবি গ্রাফ সেলিম, নাজমুল তারেক তুষার, মল্লিক জাহিদুল ইসলাম, আইনুল্লাহ পারভেজ, ইসমত আরা, সৈয়দা আরিফা আশরাফ চুমকি, আরেফিন রনি, স্মৃতি রেখা বিশ্বাস, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু , সাইফুল ইসলাম, ডাঃ নিরাপদ বসাক, সাইফুল ইসলাম মল্লিক, সেলিম মাহবুব, পুস্তক ব্যবসায়ী সমিতি খুলনার সভাপতি আলমগীরসহ খুলনার শতাধিক কবি – সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বইমেলা প্রাঙ্গণ ধুমপানমুক্ত এলাকা হিসেবে গণ্য করা হবে। শিশুদের জন্য উপস্থিত বক্তব্য, বিতর্ক, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। এছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য বই পাঠের ব্যবস্থাও থাকবে।

