টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৫ জানুয়ারি) সকালে ছাত্রদল জেলা শাখার পক্ষ থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কোরআন তেলাওয়াত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত গাওয়া এবং কবুতর মুক্ত করে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। শোভা যাত্রায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একটি আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন প্রমূখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি, যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম ঝলক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নব্বইয়ের স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদতবরণ করেছে। আর আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। ছাত্রদল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

