ফেনী প্রতিনিধি : সোনাগাজীতে গুলি করে চাচাতো বোন বিবি হাজেরাকে (৩৫) হত্যা করেছে উপজেলা যুবলীগ নেতা জসিম।
শনিবার দুপুরে উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিবি হাজের ওই গ্রামের ভূঞা বাড়ির নুরুল ইসলামের মেয়ে ও গিয়াস উদ্দিনের সবুজের স্ত্রী। তার স্বামীর বাড়ি নোয়াখারী জেলায়। তিনি দীর্ঘদিন থেকে তার বাবার বাড়িতে বসবাস করেন। ঘাতক জসিম উদ্দিন উপজেলার বগাদান ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক। হাজেরা সম্পর্কে তার চাচাতো বোন।
বগাদানা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাঈনুদ্দীন জানান, জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধরে জের ধরে শনিবার দুপুরে জসিম উদ্দিনের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হাজেরার বাড়িতে হামলা চালায়। এ সময় জসিম তার চাচাতো বোন হাজেরাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হাজেরা মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সোনাগাজী উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান। জসিম উদ্দিন বগাদানা ইউনিয়নের যুবলীগের যুগ্মআহ্বায়ক। জসিম ব্যক্তিগতভাবে খারাপ প্রকৃতির লোক। এ ব্যাপারে দলের শীর্ষস্থানীয় নেতাদের জানানো হয়েছে। তারাই ব্যবস্থা গ্রহণ করবেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছেন। মামলার প্রস্তুতি চলছে।

