ঠাকুরগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এতো দ্রুত নির্বাচনের জন্য এতো মানুষ শহীদ হয়নি। দেশের সংস্কারের শেষে নির্বাচনের দিকে যাবে সরকার। গত বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের হল রুমে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন, গত দিনে উত্তর বঙ্গের জেলা গুলো অবহেলিত ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার এই সব জেলা উপজেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল ষ্ট্যাণ্ডার্ডে নিয়ে যাবে সরকার। সেই সঙ্গে উপজেলায় লাইব্রেরী স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। ঠিকাদারির সঙ্গে জড়িত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বা যাচ্ছেন, এ সব নিয়ে আমরা কাজ করবো। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের বিষয়ে বলেন, আমরা সবার সাথে বসে কথা বলেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবো। দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

