কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাশেদ গাজী। গত শনিবার রাতে সমুদ্র সৈকত থেকে ফেরার পথে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওভার টেকিং করতে গিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটর সাইকের সংঘর্ষে ঘটনাস্থলে রাশেদ নিহত হয়। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়। তার ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রী ও ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি রহিমানগর বাজারের স্টীল ব্যবসায়ী। নিহত রাশেদ গাজীর সফর সঙ্গী বন্ধু ইমরান জানান, আমরা ১১ বন্ধু ৬ মোটরসাইকেল যোগে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বান্দরবন ও ২০ ডিসেম্বর কক্সবাজার রাত্রি যাপন করে পরদিন ২১ ডিসেম্বর শনিবার দুপুরে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৮ টায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায় রাশেদ। ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগনে সাব্বির ভাগ্যক্রমে বেঁচে যায়। রোববার (২২ ডিসেম্বর) সকালে তার গ্রামের বাড়ি রহিমানগরে লাশ নিয়ে আসলে বন্ধুবান্ধব নিকট আত্মীয় স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। স্বামীর অকাল মৃত্যুতে বার বার মূর্ছা যাচ্ছেন তার অন্তঃসত্বা স্ত্রী ও পুত্রহারা বাবা মা। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

