সাংবাদিক হারুন অর রশিদকে (৫৫) বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা ব্যর্থ হল। চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে গত সোমবার আইসিইউতে ভর্তি করা হয়। সাংবাদিক হারুন অর রশিদ খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার ছিলেন। সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদের মরদেহ গ্ৰামের বাড়ি মোরেলগঞ্জে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে। অত্যন্ত বিনয়ী, সদালাপী, নির্লোভ, নিরহংকারী মানুষ ছিলেন সাংবাদিক হারুন অর রশীদ। তার মৃত্যুতে শোকাহত খুলনাবাসী। সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমী। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

