যশোরের কেশবপুর উপজেলার চার ইউনিয়ন পরিষদে চার জন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়ন, ৭ নংপাঁজিয়া, ৮ নং সুফলাকাটি ও ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় জনসাধারণের সেবা নিশ্চিত করতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে তাদেরকে অতিরিক্ত দ্বায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ চারটি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান অনুপস্থিতি থাকায় মঙ্গলবার যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাদের উপর ওই ক্ষমতা অর্পণ করা হয়। বুধবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে চিঠি পেয়েছেন। মঙ্গলকোটে আব্দুল কাদের, পাঁজিয়ায় জসীম উদ্দিন, সুফলাকাটিতে মুনজুর রহমান ও গৌরীঘোনায় হাবিবুর রহমান আ. লীগ সর্মথিত চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই চেয়ারম্যানদের অপসারণের দাবিতে এলাকার মানুষ মিছিল-মিটিং করে। পরবর্তীতে ওই ৪ ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের উপর পরিষদের দায়িত্ব দেয়া হয়। কিন্তু প্যানেল চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রেখে জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলকোটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাঁজিয়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সুফলাকাটিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং গৌরীঘোনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, তারা বুধবার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ের চিঠি পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় জনসাধারণের সেবা প্রদান নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদেরকে ওই সব ইউনিয়নে দায়িত্ব প্রদান করা হয়েছে।

