পঞ্চগড়ে যাত্রীবাহী বাস থেকে ক্রিস্টাল আইস ও হেরোইনসহ হরসিত রায় নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে তল্লাশি করে পাওয়া গেছে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস ও ৯০৫ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওই যুবকের কাছে থাকা শপিং ব্যাগে এই মাদকদ্রব্য খুঁজে পায় তারা। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম। আটক হরসিত রায় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি এলাকার ধর্ম নারায়ণ রায়ের ছেলে। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদক ক্রিস্টাল আইস ও হেরোইন নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিস্টাল আইস ও হেরোইন অধিকতর শনাক্তকরণের জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

