নড়াইলের লোহাগড়া উপজেলার ৩ নং শালনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির পদ থেকে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন সাবেক ইউপি মেম্বার আনিচুর রহমান ধলু। তিনি উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের বিএনপি নেতা মরহুম হাবিবুর রহমানের ছেলে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার শিয়রবর বাজারে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান ধলু তার লিখিত বক্তব্য বলেন, আমার সাথে আলোচনা না করে অত্র ইউনিয়নের কতিপয় যুবলীগ নেতা আমার অজান্তে আমাকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ লোকজনের কাছে সামাজিকভাবে হেও করার জন্য যুবলীগের ইউনিয়ন কমিটিতে নাম দেয়। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার নাশকতা মামলায় আটক হয়ে উপজেলার বিএনপির সভাপতি সাথে এক সংগে কারাগারে ছিলাম। আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলাম ও বর্তমানে রয়েছি। তাছাড়া আমার পিতা মরহুম হাবিবুর রহমানসহ আমার পরিবার দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছে। সুতরাং আমি শালনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম। এ সময় শিয়রবর বাজারে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আলম, শালনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিকাইল মিয়া, বিএনপি নেতা দীপু কাজী, বকুল খান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিরু মিয়া, শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুর রহমানসহ প্রমূখ।

