লক্ষীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরম মনসা গ্রামের মিয়ার বেড়ীর হায়দারগঞ্জ বাজারের ব্যবসায়ী হারুন পাটোয়ারী ও নুর উদ্দিন লিমনের থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে স্থানীয় বখাটে চরমনসা গ্রামের মুনছুরার বাপের বাড়ির মোহাম্মদ ইউসুফের পুত্র তারেক। তার দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৪ ডিসেম্বর শনিবার রাত ৮ টার সময় তারেক ও তার ছোট ভাই রাসেলসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন বখাটে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হারুন পাটোয়ারী ও নুর উদ্দিন লিমনকে কুপিয়ে আহত করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এ ছাড়া একই দিন সন্ধ্যার পর শামসুল হক মাস্টারের পুত্র হারুনুর রশিদ মাটি বিক্রির টাকা চাইলে তার উপর হামলা করার জন্য এগিয়ে আসে তারেক। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরিচয় গোপন রাখার শর্তে এক ব্যবসায়ী প্রতিবেদকে বলেন, ৫ আগস্টের পরে তারেক বাহিনী অনেক বেপরোয়া হয়ে গিয়েছে। এদেরকে এখন প্রতিহত না করলে, ভবিষ্যতে এলাকার অনেক ক্ষতি হবে জানান তিনি। মিয়ার বেড়ির হায়দারগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলেন, ৫ আগস্ট এর পরে তারেক বাহিনী অত্যাচারে মিয়ার বেড়ী হায়দারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা অতিষ্ট। তারেক বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগী নেতা পরিচয় দিয়ে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। তারেকের ব্যাপারে আমরা চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় অনেক গণ্যমাণ্য ব্যক্তিকে বিষয়টি জানিয়েছি কিন্তু কেউ কোন ব্যবস্থা নিতে পারছে না। আমরা মিয়ার বেড়ী হায়দারগঞ্জ বাজার ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে এবং আমরা শান্তি চাই। প্রশাসনের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন এই সন্ত্রাসী তারেককে গ্রেফতার করে দ্রুত আইনি পদক্ষেপ যাতে নেয়া হয় ।

