‘সৈয়দুপর-নীলফামারী আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ ৫৬১ জনের মাঝে চেক বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে চেক বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর আলম খান, সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট হামিদুর রহমান আজাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইয়েদ মেহেদি হাসান আশিক বক্তব্য দেন। উদ্বোধনী দিনে ক্ষতিগ্রস্থ ৭ জন জমির মালিকের কাছে ১ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর আলম খান বলেন, ২০২৫ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ রয়েছে। এরই মধ্যে কাজ শেষ করতে হবে। তিনি বলেন, শহরের কালিতলা থেকে চৌরঙ্গি মোড় পর্যন্ত ২ কিলোমিটারের মধ্যে ৫৬১ জন ক্ষতিগ্রস্থ মানুষ রয়েছেন তারা প্রত্যেকে ক্ষতিপূরণের চেক পাবেন। দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বর্তমান সড়কটি ৩২ ফিটে উন্নিত হচ্ছে। ড্রেন ও ফুটপাথ রয়েছে সড়কের ধারে। তিনি বলেন, জেলা শহরের প্রাণ কেন্দ্রের এই সড়কটির সড়কের সৌন্দর্য বর্ধণে বিশেষ উদ্যোগ নেয়া হবে।

