সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টার দিকে মাধবকাটি এলাকার ছয়ঘরিয়া ওহাব বিডিআরের মৎস্য ঘেরের সামনে এই দূর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, বেলা ৩ টার দিকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল ছয়ঘরিয়া এলাকায় পৌছাতেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা যশোরগামী একটি বালিবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জয় ও শিহাবুজ্জামান নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত জয় সাতক্ষীরা মুনজিতপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে ও শিহাবুজ্জামান একই উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে। এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দূর্ঘটনার পরপরি ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

