কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ভালবাসা দিয়ে মানুষের ভোট আদায় করতে হবে। সকলে মিলে মিশে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। এর মানে এই না যে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমাদের মানুষের কাছে যেতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। মানুষের মন জয় করতে আমাদের কাজ করে যেতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চেল থাকা তৃণমূল বিএনপিই দলের মূল চালিকা শক্তি। তারেক রহমান মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন, আমরা তার সহযোদ্ধা হিসাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাবো এবং তাঁর নির্দেশনা মেনে জনগণের পাশে থাকবো। ‘র’ ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মূখে ঠেলে দিয়েছিল। গত ১৬টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। বিএনপি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চেয়েছিল। সে জন্য নেতাকর্মীদের নামে গুম খুন আর মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে পাঁজিয়া এম এন দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম প্রমূখ। এ সময় ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

