মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন; নগর ভবন, কেসিসির সকল স্থাপনাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠান এবং বিকাল সাড়ে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এছাড়া কেসিসির গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিতকরণ। শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হবে।
কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। উল্লেখ্য, প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উম্মুক্ত রাখা হয়েছে এবং ‘খ’ বিভাগের জন্য ‘মুক্তিযুদ্ধভিত্তিক’ ও ‘গ’ বিভাগের জন্য ‘বিজয়ের উল্লাস’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘বীরশ্রেষ্ঠদের কথা’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

