চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের হুজরাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। বারঘরিয়া এলাকারবিস্ফোরকের একটি মামলায় যুব মহিলালীগ নেত্রীকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেপুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দীন জানান, একটি বিস্ফোরক মামলায় তাকে দুপুর আড়াইটার দিকে হুজরাপুরের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সামনের সারিতে অংশগ্রহণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার। এর পরদিনই তাকে আটক করে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে এক যুব মহিলালীগ নেত্রী বলেন, আগের দিন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে জুঁই আক্তারসহ আমরা কয়েকজন যুব মহিলালীগ নেত্রী অংশগ্রহণ করি। এর ছবি ফেসবুকে আসে। কোন অপরাধ না থাকলেও শুধুমাত্র ডিসি-এসপির সাথে মানববন্ধনে থাকার দায়ে জুঁইকে আটক করা হয়েছে বলে অভিযোগ এই নেত্রীর। জানা যায়, যুব মহিলালীগ নেত্রী জুঁই আক্তারকে সদর উপজেলার বারোঘরিয়ার একটি বিস্ফোরক মামলার আসামী দেখানো হয়েছে। একই মামলায় আরও আটক করা হয়েছে সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারোঘরিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে। সোমবার ( ৯ ডিসেম্বর) তাকে আটক করে পুলিশ। আজ বিকেলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

