ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

রংপুর ব্যুরো
December 9, 2024 9:45 pm
Link Copied!

পরীক্ষার ফি না দেওয়ায় শিক্ষকের অপমান ও অশোভন আচরণ সইতে না পেরে রংপুরের পীরগাছায় ৮ ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে গত সোমবার নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও শিক্ষকদের দেখা মেলেনি। অনিবার্য কারণে পরীক্ষা বন্ধ রাখার অজুহাত দেখিয়ে চলমান বার্ষিক পরীক্ষা নেওয়া হয়নি। ফলে পরীক্ষা না হওয়ায় প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে বাড়ি ফিরতে হয়েছে শিক্ষার্থীদের। গত সোমবার এমনই ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যাণ্ড কলেজে। এর আগে গত রোববার ওই প্রতিষ্ঠানে পরীক্ষার ফি দিতে না পারায় হল থেকে বের করে দেওয়ায় মাহফুজুর রহমান নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রোববার রাতে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে অফিস সহকারী আমির আলী ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর গত সোমবার সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের অনুপস্থিতিতে সম্ভব হয়নি। নিহত মাহফুজুর রহমান উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জরখাঁ গ্রামের হতদরিদ্র হাফিজুর রহমানের ছেলে। সে উপজেলার দেউতি স্কুল অ্যাণ্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তার মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই স্কুলের চলমান বার্ষিক পরীক্ষায় মাহফুজুর রহমান পরীক্ষার ফি ছাড়ায় ৫ টি বিষয়ের পরীক্ষা অংশ গ্রহণ করেন। গত রবিবার সকালে ৮ম শ্রেণির গণিত বিষয়ের পরীক্ষায় ফি ছাড়াই অংশ গ্রহণ করতে যায়। যথা নিয়মে মাহফুজুর রহমান সকাল ১০টায় সহপাঠিদের সঙ্গে পরীক্ষায় অংশ নেন। এ সময় পরীক্ষার ফি না দেওয়ার অভিযোগে মাহফুজুর রহমানকে পরীক্ষা চলাকালীন অবস্থায় শ্রেণি কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অফিস সহকারী আমীর হোসেন প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান মাহফুজুর রহমানকে। সেখানে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও আব্দুল হান্নান পরীক্ষার ফি না দেওয়াসহ ৮ম শ্রেণির নিবন্ধন না করায় মাহফুজুর রহমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন । এ অপমান সইতে না পেয়ে কোমলমতি ওই শিক্ষার্থী ওই দিন নিজ বাড়িতে এসে শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। শিক্ষার্থী মেহেদী হাসান কৌশিক বলেন, অভাব আর অনটনের সঙ্গে যুদ্ধ করে লেখাপড়া করতো মাহফুজুর। স্কুল বন্ধের দিনে সে অন্যের ক্ষেতে দিন হাজিরায় কৃষি শ্রমিকের কাজ করতো। এ কারণে হয়তো সে ৮ম শ্রেণির নিবন্ধন করতে দেরি করে। গণিত পরীক্ষার দিনে স্যাররা তাকে স্কুল থেকে চলে যেতে বলেন। পরে আমরা তার মৃত্যুর খবর জানতে পাই। এলাকার ওবায়দুল হক নামে এক ব্যক্তি জানান, মাহফুজুর রহমান দরিদ্র পরিবারের ছেলে। স্কুলের ফি জোগাড় করার জন্য শুক্রবার ও শনিবার আলু ক্ষেতে দিন হাজিরায় শ্রমিকের কাজ করেন। মাহফুজুর রহমানের পিতা হাফিজুর রহমান বলেন, শিক্ষকদের অপমান সহ্য করতে না পেয়ে আমার কলিজার টুকরা বাড়িতে এসে আত্মহত্যা করে। আমি হতদরিদ্র মানুষ। দিন মজুরী করে সংসার চালাই। ছুটির দিনে আমার ছেলেটাও অন্যের জমিতে দিন হাজিরায় কাজ করে আমাকে সাহায্য করতো। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষকদের শাস্তি দাবি করছি। অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, চলমান ৮ম শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থী মাহফুজুর রহমানের নিবন্ধন হয়নি। এ কারণে আগামীতে তাকে পরীক্ষায় অংশ নিতে বলা হয়। তাকে অপমান ও অপদস্থ করার প্রশ্নেই ওঠে না। তবে ৫ বিষয়ের পরীক্ষায় সে কিভাবে অংশ নিল এমন প্রশ্ন করা হলে কোন সদুত্তর দিতে পারেননি তিনি। দেউতি স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজু বলেন, ছেলেটি রেজিস্ট্রেশন করেননি। তাকে সেটি বুঝিয়ে বলা হয়েছে। পরে সে নিজ ইচ্ছায় স্কুল থেকে চলে গেছে। তাকে কেউ অপমান অপদস্থ করেছে কিনা তা আমার জানা নেই। পরে শুনি সে বাড়িতে ফিরে আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে আমরা মর্মাহত। পীরগাছা থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও আমির আলীর বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা হাফিজুর রহমান।