মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার নাঘোষা গ্রামে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধের জের ধরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সম্প্রতি নাঘোষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সদর উদ্দিনের কাছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পরাজিত হন।
এর জের ধরে বৃহস্পতিবার বিকালে নাঘোষা বাজারে সদর উদ্দিন সমর্থক আকরাম ও কামাল সমর্থক লুৎফর রহমান পরস্পর গ্রুপের হাতে লাঞ্চিত হয়। এ ঘটনার জের ধরে দু’পক্ষ সংঘবদ্ধ হয়ে শুক্রবার সকাল ১১টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।
উভয়পক্ষ ঢাল-সুড়কি, লাঠি-শোঠা, দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। দীর্ঘ দেড়ঘণ্টা চলা এ সংর্ঘষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় তালখড়ি উত্থান বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধসহ ২০ আহত হয়।
মাগুরা সদর হাসপালে জরুরি বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম গুলিবিদ্ধ উত্থানসহ গুরুতর আহত ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষের কথা স্বীকার করে বলেছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড শটগানের গুলি চালিয়েছে।

