পটুয়াখালীর কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একজন। এ সময় আটককৃত ডাকাত সদস্যদের সাথে থাকা ডাকাতি কাজে ব্যবহার করা একটি লাঠি এবং একটি ছুরি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হলো ছগির হাওলাদার, রাহাত ফকির, মনির ফকির, সফিক গাজী, আবুল হাসেম ও রাকিবুল খান। এদের মধ্যে ২ জনের বাড়ি গামুরতলা গ্রামে ও ৪ জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিলো। মঙ্গলবার ভোররাত ৩ টায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের মধ্যে ২ জনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া একজনকে খুজতে কাজ করছে পুলিশ।

