সিলেট প্রতিনিধি : নগরীর এক হোটেল থেকে কর্মচারীর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ধোপাদিঘীরপাড়ের সানফ্লাওয়ার আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তেরা মিয়া (৩৪) সানফ্লাওয়ার আবাসিক হোটেলে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জারারকোনা গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।
কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে হোটেলের একটি কক্ষে মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পা বাঁধা অবস্থায় তেরা মিয়ার মরদেহ উদ্ধার করে।
তবে হোটেলের ম্যানেজার লোকমান মিয়া সাংবাদিকদের বলেন, তেরা মিয়া ইলেক্ট্রিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন আম্বিয়া বেগমের ভাষ্যমতে, হোটেলের একটি কক্ষে চাদরে মোড়ানো বিবস্ত্র লাশ দেখতে পান তারা। তার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়নি।
তেরা মিয়ার চাচাতো ভাই মাজহারুল ইসলাম বলেন, ‘এত ঘটনা ঘটলো কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে কোনো খবর দেয়নি। আত্মীয়-স্বজন ও পুলিশকে না জানিয়ে নিজেদের তত্ত্বাবধানে তারা মরদেহ দাফনের প্রস্তুতিও নিচ্ছিল।’

