জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটি উগ্র গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে দেশকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল, তবে এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। আজ সোমবার সকালে ঝালকাঠিতে আয়োজিত ‘ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ২০২৪’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের আমীর বলেন, ‘একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে। কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। আমরা ধৈর্য্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট্রান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট কাচারী অফিস আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কৃষক তার ফসলের নায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন।’ ‘দ্বিতীয় স্বাধীনতা’ প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, ‘আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন কিন্তু তাকে পর পর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেল্যুট জানাই।’ সমাবেশে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন ও জামায়াত নেতা মাসুদ সাঈদী।

