ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মারপিট ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বুধবার বিকেলে (২৭ নভেম্বর) ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ জানান, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় ৩ দিনের রিমাণ্ড আবেদনসহ সাবেক এমপি সুজনকে আদালতে হাজির করা হয় বুধবার। এরপর আসামী পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমাণ্ড নামঞ্জুর করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, এ মামলায় সব আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চেয়েছে আদালত, তাই নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত রিমাণ্ড বাতিল করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী বলেন, গত ৫ আগষ্টের পরে হত্যা চেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে সাবেক সংসদ সদস্য সুজনসহ ২৯ জন এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।

