ঠাকুরগাঁও পৌরসভা জনদুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গত ২৭ নভেম্বর বুধবার দুপুর থেকে এই উচ্ছেদ অভিযানের পাশাপাশি অবৈধভাবে রাস্তার পার্শ্বে পার্কিং করা মটর সাইকেলসহ অন্যান্য যানবাহনকে জরিমানা করা হয়। গত ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে ঠাকুরগাঁও পৌর সভা প্রসাশন।শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার পূর্ব দিক থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে। এতে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে যৌথ বাহিনী, বিআরটিএসহ অন্যান্য সংস্থা। ঠাকুরগাঁও পৌরবাসী এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন। পৌর প্রশাসন বর্তমানে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকায় সাধারণ মানুষের দূর্ভোগের কারণে নানা সময়ে অভিযোগের ভিত্তিতে মানবতার দিক বিবেচনা করে এই উচ্ছেদ অভিযান চলমান থাকার কথা ব্যক্ত করেছেন। এতে সাধারণ মানুষ ঐক্যমত পোষণ করলেও দখলদাররা উচ্ছেদ অভিযান বিতর্কিত করার চেষ্টা করছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌরসভার দ্বায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান জানান, রাস্তার পার্শ্বে অবৈধভাবে দখলকারীদের বারবার জানানোর পরেও তারা কর্ণপাত করেনি, তাই এই উচ্ছেদ ও জরিমানা অভিযান।

