পটুয়াখালীর নিজামপুরে ২৫ হাজার ৫শ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ নভেম্বর ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর রাত ১২.৩০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন নিজামপুরের ৭ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত স্থানে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য নির্দেশ দেয়া হয়। অতঃপর উক্ত ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে রেখে পার্শ্ববর্তী ঘনবসতিতে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে দেয়া ব্যাগটি তল্লাশী করে ২৫ হাজার ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

