সাতক্ষীরাতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৮ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে পুরুষ সদস্য ৫৫ জন এবং নারী সদস্য ৩জন রয়েছেন। আরও ৬ প্রার্থী অপেক্ষায় রয়েছেন। কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই ৫৮ জন পুলিশে চাকরি পেলেন। সোমবার (২৫ নভেম্বর) ভোর রাত দুইটার দিকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিয়োগপ্রাপ্তদের বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা কালে নিয়োগ বোর্ডের সব সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সব পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

