নওগাঁর শহরের সুলতানপুর মহল্লায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে জনসম্মুখে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সকালে দিকে ঘটনাটি ঘটেছে। নিহত নজরুল ইসলাম শহরের সুলতানপুর মহল্লার জসিম উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সাথে নজরুলের দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলছিলো। সকালে প্রতিবেশী মান্নান নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কেটেছে। তানিয়ে সকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মান্নান ধারালো ছুড়ি দিয়ে নজরুলকে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ মরদেহটি হেফাজতে নিয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

