আবু সাঈদ হত্যাকান্ড সংশ্লিষ্টতা থাকায় ও ২৯ (ঊনত্রিশ) দিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকুরী হতে সাময়িক বরখাস্ত হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মণ্ডল আসাদ। গত সোমবার (১৮ নভেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২৯ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সর্বমোট ২৯ দিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন আসাদুজ্জামান মণ্ডল আসাদ। এ বিষয়ে তার ২৯ সেপ্টেম্বর ছুটির আবেদন গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় উপস্থাপিত হয়। সভায় তার ছুটির আবেদন মঞ্জুর করা হয়নি। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড বিষয়ে গঠিত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮ তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(৬) মোতাবেক তাকে অভিযুক্ত করে বিধি ৪-এর উপ-বিধি ৩ (ঘ) অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি ভাতাদি পাবেন কিনা তা সরকারি বিধি মোতাবেক বিবেচিত হবে বলে জানা গেছে। মোঃ আসাদুজ্জামান মণ্ডল আসাদ লালমনিরহাট সদরের মণ্ডল পাড়া গ্রামের নিবাসী মৃত হামিদুল হক মণ্ডলের সন্তান। তাকে কেন চাকুরী হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা এই পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ও প্রামাণিকভাবে লিখিত আকারে প্রদানের জন্য বলা হয়েছে।

