গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট ও পুরাতন মটমুড়া গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। গতকাল শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হকা, গাংনী উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, সাবেক ছাত্রনেতা শাহিবুল ইসলাম, বামন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি কায়কোবাদ, মটমুড়া ইউনিয়ন যুবদল নেতা সালমান হক কালু, ইতি খাতুন, স্থানীয় ছাত্রনেতা তোতা প্রমুখ। গণসংযোগকালে তিনি বলেন, গত ৬ আগষ্ট বাওট গ্রামের নাহারুল হত্যাকান্ড প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের একটি চক্র এই হত্যাকান্ড ঘটিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে এদেশে এক রাতেই আওয়ামী লীগের এক লক্ষ লোক মারা যাবে। কিন্তু ৫ আগষ্টের পর বাংলাদেশে কোথাও কোনো আওয়ামী লীগের লোক মারা যায়নি। বিএনপির কাউকে মারতে দেইনি। তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন ৫ ই আগষ্টের থিম আমাদের ধারণ করতে হবে। প্রায় ১৬ শ দামাল সন্তানের বুকের তাঁজা রক্তের বিনিময়ে আমরা এদেশে নতুন স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা উপভোগ করতে বিএনপির নেতাকর্মী সুশৃংখলভাবে ও শান্তভাবে অবস্থান করেছে। আসাদুজ্জামান বাবলু আরও বলেন, বাওট গ্রামের অনাকাংখিত ঘটনায় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি নেতা মহিবুল ইসলাম ও আশরাফুল হক কালু মেম্বরের মুক্তির জন্য রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। তাঁদের মুক্তির দাবীতে আমরা দলীয় এবং আইনী লড়াই চালিয়ে যাবো। তিনি বলেন, বিগত ১৭ বছর আমরা মিথ্যা মামলায় জেল জুলম খেটেছি। আগষ্টের ৫ তারিখের পর থেকে আমাদের নেতাদের আর জেল জুলুম খাটতে দিতে চাইনা। তিনি বলেন, স্বৈরাচার সরকার আমার বিরুদ্ধে ৩৪ টি মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় আমরা হাজত খেটেছি। আমাদের বহু নেতাকর্মীকে ক্রস ফাঁয়ারের নামে হত্যা করা হয়েছে। হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা আর কোনো নেতাকর্মীকে হারাতে চাইনা। আর কোনো নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানী হতে দেবনা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

