খুলনায় ৮ পিস স্বর্ণের বারসহ আব্দুল আওয়াল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) রাতে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা থানার আলিকামোড়া দক্ষিণপাড়া গ্রামের জনৈক খলিলুর রহমানের ছেলে। জানা যায়, লবণচরাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্টে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় আব্দুল আওয়ালকে সন্দেহ হলে থানায় নিয়ে তার দেহ তল্লাশি করা হয়। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করে তার পেটের মধ্যে স্বর্ণের বার সদৃশ্য কিছু দেখা যায়। পরে থানায় নিয়ে বিশেষ উপায়ে তার পেট থেকে পরপর ৮ স্বর্ণের বার বের করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে লবণচরা থানায় ১টি মামলা রুজু করা হয়েছে । একই সাথে স্বর্ণের উৎস এবং এর সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানা যায়।

