লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় আরিফুর রহমান ফরহাদ (২৮) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের মিরিকপুর বাজারের পাশে স-মিল থেকে ওই নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরহাদ একই ইউনিয়নের নুরুল আমিন মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার গভীররাতে কে বা কারা মোবাইল ফোনে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নেয়।
পরে মিরিকপুর বাজারের পাশে স-মিলে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে চলে যায়। পরে ভোরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা নুরুল আমিন মাস্টার জানান, রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্ততি নিলে কে বা কারা তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। তার ছেলে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি জানান।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

