হাইকোর্টের ‘দলবাজ ও ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ চান আন্দোলনকারী শিক্ষার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা। তারা বলেন, আমরা সরকার পতনের পর থেকেই হাইকোর্ট বিভাগের দলবাজ ও ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগ চেয়ে আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানতে হবে। এ বিষয়ে বিচারপতিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করা আইনজীবীদের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল মানবজমিনকে বলেন, আমরা গতকাল দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছি, তাদের পদত্যাগ চেয়েছি। ছুটি কোনো সমাধান নয়। ছুটিতে গেলেও তারা বিচারপতিই থাকবেন। এসব বিচারপতিদের পেছনে রাষ্ট্রের অর্থাৎ আর কোনো যুক্তি নেই। আমরা তাদের পদত্যাগ চাই। এদিকে আওয়ামী লীগের ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে এখনো অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টা থেকে হাইকোর্ট ঘেরাও করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। তাদের পাশাপাশি দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ, জাতীয় নাগরিক কমিটি-লিগ্যাল উইং। বুধবার হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে হাইকোর্ট বিভাগের আওয়ামী লীগের দলবাজ বিচারকদের দুপুর ২টার মধ্যে পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন। বিক্ষোভকারী আইনজীবীরা বলেন, রাষ্ট্রের ভঙ্গুর অবস্থার জন্য দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিরাও দায়ী। এই বিচারপতিরা আওয়ামী লীগের নির্দেশ ও ইচ্ছাকে আইনে পরিণত করেছেন। তাদের জন্যই এত রক্তপাত হয়েছে। শেখ হাসিনা হাজারো ছাত্র-জনতাকে হত্যার সাহস পেয়েছেন। এত মানুষকে গুম, খুন ও হত্যার দায় এই বিচারপতিদেরও। তারা এই বিচারপতিদের স্বেচ্ছায় সরে যাওয়ার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা তা করেননি। আওয়ামী ফ্যাসিস্টদের ‘দোসর’ বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। কর্মসূচি চলাকালে আইনজীবীদের নানা স্লোগান দিতে দেখা যায়। এসব স্লোগানের মধ্যে আছে- ‘আইনজীবী-জনতা, গড়ে তোলো একতা’, ‘দফা এক দাবি এক, দলবাজদের পদত্যাগ’, ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মারা, হুঁশিয়ার সাবধান’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দফা এক দাবি এক, দুর্নীতিবাজদের পদত্যাগ’।
পূর্বঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনে দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শত শত শিক্ষার্থীর একটি মিছিল আসে। তারা অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসরদের যদি কেউ পুনর্বাসন করতে চায়, তাদেরও প্রতিহত করা হবে। পুনর্বাসনের চেষ্টা যে-ই করবে, তাকে ছেড়ে দেয়া হবে না। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি চলবে না। ছাত্র-জনতা হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে হবে। শেখ হাসিনাসহ যারা বিদেশে পালিয়েছেন, তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে সকালে হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৪ জন বিচারপতি প্রধান বিচারপতির আমন্ত্রণে সাড়া দিয়েছেন বলে জানা গেছে।

