সুপ্রীম কোর্টে কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সেবাগ্রহীতাকে সহায়তা করার জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। বুধবার বাংলাদেশ সুপ্রীম কোর্টে এ হেল্পলাইন চালু করা হয়। +৮৮ ০১৩১৬১৫৪২১৬ – এই নাম্বারে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করা যাবে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। গত ১৮ই সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ সুপ্রীম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার থেকে তদুর্দ্ধ পদমর্যাদার সকল কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজিকীকরণসহ পেশাগত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ১২ দফা নির্দেশনা প্রদান করেন। ১২ দফা নির্দেশনার মধ্যে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাগণ কর্তৃক প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো রয়েছে। তারই ধারাহাবিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রীম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা কর্তৃক প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

