দীর্ঘ প্রায় ১ মাসের অধিক সময় কেপিএমে কাগজ উৎপাদন বন্ধ থাকার পর গত ২দিনে ১৭ মেট্রিক টন কাগজ উৎপাদন করা হয়েছে। বুধবার রাত ৯ টা হতে বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত এক মেশিনে প্রথম ধাপে ১৭ মেট্রিক টন কাগজ উৎপাদনে ফিরেছে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পেপার মিলস লিঃ মিঃ মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, গত বুধবার সকাল থেকেই কেপিএমের উৎপাদন চালু হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বুধবার রাত থেকেই কেপিএমের উৎপাদন চালু হয়েছে। বর্তমানে মিলস এর কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। প্রথম ধাপে কেপিএম ১৭ মেট্রিক টন কাগজ উৎপাদন করেছে। আশা করা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

