কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ শিশুর মরদেহ নদের ভাটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ৪ শিশুর পরিবারকে অর্থ সহায়তার চেক প্রদান করেছেন নাগেশ্বরী উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ওই পরিবারের মাঝে জনপ্রতি ৮ হাজার টাকার চেক প্রদান করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। এ সময় নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১১ সেপ্টেম্বর বুধবার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৪ জন শিশু নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে একজনের মরদেহ উদ্ধার এবং দুপুরের দিকে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে একজন এবং মোল্লাপাড়া এলাকা থেকে একজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। এ ছাড়াও আরেকজনের মরদেহ শুক্রবার উদ্ধার হয়। নিহত ৪ জন শিশু হলেন নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আহাদ আলী বড় মেয়ে আঁখি মনি (১১) ও ছেলে আতিক হাসান (৮), নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৮) ও আলম মিয়ার ছেলে জুয়েল রানা (৮)। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখের ও বেদনাদায়ক। আমি শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করছি। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।

