নড়াইলে রঘুনাথপুর বাজারে নাসিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার রঘুনাথপুর, আমবাড়িয়া ও লক্ষিপুর গ্রামবাসীর আয়োজনে রঘুনাথপুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত নাসিমের মা তানিয়া সুলতানা জুনাকী, নিহতের নানি নাহার সুলতানা, নিহতের চাচাত ভাই মেহেদী হাসান রাজু, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুবেদার তমজিদ শেখ, শওকত হোসেন, আলিম শেখ প্রমূখ। নিহত নাসিমের মা বলেন, আমার ছেলে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যার পরে চাঁদপুর মাদ্রাসায় আরবি পড়তে যায়। আরবি পড়ে ফেরার পথে চাঁদপুর গ্রামের চয়ন কাজি কাইয়ুম সরদার সহ ৬/৭ জন সন্ত্রাসী আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই। এ সময় বক্তারা আরও বলেন, আমরা নাসিমের লাশ নিয়ে রাজনীতি করতে আসিনি, নাসিমের হত্যাকান্ডে যারা জড়িত আমরা তাদের ফাঁসি চাই। নাসিমের সাথে একই মোটরসাইকেলে থাকা চাঁদপুর রহমানীয়া মাদ্রাসার হুজুর আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ২০ দিনের মত হবে নাসিম আমার কাছে আরবি পড়তে আসে। ঘটনার দিন আরবি পড়া শেষে বাড়ি আসার জন্য আমি নাসিমের সাথে যাই। চাঁদপুর তানজিল শেখের বাড়ির কাছে পৌঁছালে দুইটা মোটরসাইকেল আমাদের ঘিরে ফেলে এসময় তারা মোটরসাইকেলের হ্যান্ডেল দিয়ে আমাদের বাড়ি মারে তখন আমরা পড়ে গেলে ওরা নাসিমকে হত্যা করে। পরে আমার গলায় ছুরি ধরে বলে তুই যদি এসব কথা কাউকে বলিস তাহলে তোকেও আমরা মেরে ফেলব। এ ভয়ে প্রথমে আমি কিছু বলিনি। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

