বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সাংসদ এবং সাবেক হুইপ মাশরাফী বিন মোর্তুজা ও তার বাবা গোলাম মোর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯০ জনের নামে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। মাশরাফী বিন মোর্তুজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপন ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে মামলাটিতে করেন। এছাড়া এ মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আনজুমান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী, যুবলীগের সভাপতি ভিপি মাসুম, সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইঁয়, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ ৯০ জন। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে আসামিরাসহ আরও অজ্ঞাত ৪০০-৫০০ জন বন্দুক-পিস্তল, হাত বোমাসহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহকারে শহর অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে তাদের দিকে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। এসময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে জখম করে। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং কেউ কেউ এখনও চিকিৎসাধীন। গতকাল রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং মামলার কাগজপত্র আদালতে পাঠানো হবে জানান সাইফুল ইসলাম। ক্রিকেট থেকে রাজনীতির মাঠে দারুণভাবে সফল মাশরাফী বিন মোর্তুজা। ২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টানা দুই বার নড়াইল-২ আসনের এমপি ছিলেন।

