বাগেরহাটে পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে মৃত এবং ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ২ জনের মধ্যে একজনের নাম হিরণ শেখ (৩৫) এবং একজন অজ্ঞাত ব্যক্তি। আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে তাদের পাঠাই। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। কাটাখালি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপভ্যানটি পালিয়েছে। ঘটনাস্থলে ইজিবাইকের ৩ জন মারা গেছেন। আহত ২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছে। নিহত ৩ জনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে।পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

