বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আল-আজাদের নেতৃত্বে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোড়েলগঞ্জ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল- আজাদের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, মোড়েলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সালেহ খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা, মোরেলগঞ্জ ১৫নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস কে শফিকুল ইসলাম, কলেজ ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এ সময় অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বলেন, একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশের অর্ধেকটাও নেই। এরপর ফ্যাসিস্ট, স্বৈরাচার ও বাকশালী সরকারের আমলে সব থেকে বেশী বৃক্ষ নিধন করা হয়েছে। কারণে অকারণে তারা গাছ কেটে উজাড় করে ফেলেছে। অপরিকল্পিতভাবে গাছ কাটায় বাংলাদশের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। কয়েক মাস যাবৎ যেভাবে গরম পড়ছে তার মূল কারণ হচ্ছে এই গাছ কাটা। এ ছাড়াও মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সালেহ খান বলেন, বাংলাদেশে বনের পরিমাণ দিনে দিনে কমে আসছে। বর্তমানে দেশের ১০ভাগ বনভূমিও নেই। এরপর অপরিকল্পিতভাবে গাছ কেটে বন উজার করছে। মোরেলগঞ্জও এর বাইরে নয় উল্লেখ করে আবু সালেহ বলেন, তথাকথিত উন্নয়নের নামে মোড়েলগঞ্জে গাছ কটে মরুভূমি করা হয়েছে। এতে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। অন্যদিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস কে শফিকুল ইসলাম বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু চারা রোপণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুণ সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে।’

