সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এক বোতল এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) ও এক বোতল মদ জব্দ করেছে। শুক্রবার (৬সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে উক্ত মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি‘র বিআইপি এনসিও নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় এক কেজি ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এক বোতল এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) ও এক বোতল মদ জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। বিজিবি আরো জানায়, এ ব্যাপারে জব্দকৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

