ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন

Link Copied!

জনবান্ধব, বৈষম্যহীন ও স্বচ্ছ রেজিস্ট্রেশন সার্ভিস গড়তে রেজিস্ট্রেশন সার্ভিস সংস্কার ও উন্নয়নে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। বিগত ফ্যাসিবাদী সরকারের অপকর্ম, শোষণ, নির্যাতন, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার অন্যতম কুশীলব আইন ও বিচার বিভাগের সচিব, উপসচিব, মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন শাখার কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের সময় বেঁধে দিয়েছে। রেজিস্ট্রেশন শাখায় রেজিস্ট্রেশন সার্ভিসের কর্মকর্তাদের পদায়ন করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে মঙ্গলবার ২৭ আগস্ট থেকে রেজিস্ট্রেশন সার্ভিসের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছে। রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এস এম শফিউল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আকষ্মিক বন্যায় দেশের একাংশে ভয়াবহ মানবিক বিপর্যয়ে বন্যার্তদের সহায়তায় ১০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে সংগঠনটি। সংগঠনটির ১১ দফা দাবিসমূহ- (১) সেবাদানে দায়িত্ব ও কর্মপরিধির গুরুত্ব এবং রাজস্ব আদায়ে অবদান বিবেচনায় রেজিস্ট্রেশন সার্ভিসকে ক্যাডার সার্ভিসে উন্নীত করতে হবে (২) মন্ত্রণালয়ে পৃথক ‘রেজিস্ট্রেশন বিভাগ’ প্রতিষ্ঠা করতে হবে এবং স্বীয় বিভাগীয় অফিসারদের নিয়োগ করে মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন সার্ভিসের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে (৩) ষষ্ঠ গ্রেডে সিনিয়র সাব-রেজিস্ট্রার ও অতিরিক্ত জেলা রেজিস্ট্রার পদ সৃজন করতে হবে এবং জেলা রেজিস্ট্রার পদসহ ঊর্ধ্বতন সব পদকে আপগ্রেড করে নিবন্ধন অধিদপ্তরের নূতন অর্গানোগ্রাম বাস্তবায়ন করতে হবে (৪) কর্মকর্তা ও কর্মচারী বদলির ক্ষেত্রে অনিয়ম ও বদলি বাণিজ্য দূর করতে একটি কার্যকরী ‘কর্মকর্তা এবং কর্মচারী বদলি নীতিমালা’ প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। বৈষম্যের শিকার হয়ে সাময়িক বরখাস্তকৃত ও সংযুক্ত কর্মকর্তাদেরকে অবিলম্বে পদায়ন করতে হবে (৫) অনলাইনে দলিল রেজিস্ট্রির জন্য জনস্বার্থে দলিল ই-রেজিস্ট্রেশন সেবা সারাদেশে অতি দ্রুত চালু করতে হবে। জনগুরুত্বপূর্ণ দলিলের বালাম বহির ডিজিটাল আর্কাইভ ও ডিজিটাল ইনডেক্স ডাটাবেজের ব্যবস্থা করতে হবে (৬) রেজিস্ট্রারিং অফিসারের আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেবার মান বৃদ্ধি ও সেবা সহজীকরণে রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ ও রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪ এবং সংশ্লিষ্ট কতিপয় আইন ও বিধিমালা সংশোধন করতে হবে (৭) নিবন্ধন অধিদপ্তরের জন্য নিজস্ব ভবন নির্মাণ করতে হবে। এছাড়া জনবান্ধব সেবা নিশ্চিতকল্পে সারাদেশের পুরোনো ও জরাজীর্ণ জেলা রেজিস্ট্রার অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসসমূহের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবন নির্মাণ করতে হবে। যেসব ভবন নির্মাণাধীন রয়েছে, সেগুলোর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। জেলা ও তদুর্ধ পর্যায়ের কর্মকর্তাদের জন্য গাড়ি ও পরিবহনের ব্যবস্থা করতে হবে (৮) ভিজিট ও কমিশনে দলিল রেজিস্ট্রেশনের জন্য নিজ অধিক্ষেত্রের মধ্যে এবং অধিক্ষেত্রের বাইরে দূরত্বের ওপর ভিত্তি করে যৌক্তিক সম্মানী নির্ধারণ করতে হবে। ভ্রমণভাতার হারও যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করতে হবে (৯) জনগুরুত্বপূর্ণ রেকর্ডের নিরাপত্তা ও জনবহুল এ কার্যালয়ের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্য অথবা আনসার সদস্য মোতায়েন করতে হবে (১০) নকলনবিশদের চাকরি জাতীয়করণ করতে হবে। এছাড়া অস্থায়ী কর্মচারী উমেদার, ঝাড়ুদার, নৈশপ্রহরীদের বাস্তবসম্মত বেতন প্রদান করে তাদের চাকরি স্থায়ী করতে হবে (১১) দলিল লেখকদের পারিশ্রমিক যৌক্তিক হারে পুনঃনির্ধারণ করতে হবে এবং দলিল লেখক (সনদ) বিধিমালা, ২০১৪ সংশোধন করতে হবে।