সোমবার সকালে পশ্চিম আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত (এলজিইডি) বৈষম্যের শিকার কর্মকর্তা ও কর্মচারিরা এলজিইডি ভবন ঢাকা অঞ্চলের সামনে ব্যানার সাঁটিয়ে আওয়ামী ক্যাডার ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সুবিধাভোগী প্রকৌশলীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দীর্ঘ সময় সুবিধাভোগী কর্মকর্তা এবং প্রকৌশলীদের বিরুদ্ধে বক্তব্য দেন। অন্তর্বর্তাকালিন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে তারা বলেন, দীর্ঘ ১৭ বছর এলজিইডির বিভিন্ন প্রকল্প এবং জেলায় আওয়ামী লীগ সরকারের নাম ভাঙ্গিয়ে শতশত কোটি টাকার দুর্নীতি করেছে এক শ্রেণির প্রকৌশলীরা।বক্তারা আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন কাজের টেন্ডার ও কমিশন বাণিজ্যের মাধ্যমে তারা অনেকেই বিপুল পরিমাণে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। কিন্তু তারা এখনও বহাল তবিয়তে রয়েছেন। বিক্ষুব্ধ কর্মচারিরা দুর্নীতিবাজ প্রকৌশলীদের কঠোর সমালোচনা করেন। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, ছাত্রলীগ নামধারি ক্যাডাররা এলজিইডিকে জিম্মী করে রেখেছে বিগত ১৭ বছর। আজ সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করা। উপস্থিত কর্মচারিগণ আরও বলেন, আওয়ামী লীগের দালাল, দুর্নীতিবাজ ও চাটুকার প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার, আমিনুর রশীদ চৌধুরী, শেখ তাজুল ইসলাম তুহিন, আমিরুল ইসলাম ও প্রকৌশলী শরীফ হোসেনসহ যারা রাস্ট্রীয় সম্পদ লুটপাট করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাদের দ্রুত অপসারণ করতে হবে।এরপর বিকেল বিক্ষুব্ধ কর্মচারিগণ এলজিইডির প্রধান কার্যালয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। এখানেও আওয়ামী ঘরনার প্রকৌশলীদের কঠোর সমালোচনা করে তাদের অপসারণ দাবি করেন তারা।

