বাংলাদেশ পুলিশের ৪০তম সাব- ইন্সপেক্টর ও ২৬তম সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত হয়েছেন প্রায় ৯০ প্রার্থী। নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বঞ্চিতরা। রোববার সচিবালয় প্রাঙ্গণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, মাঠ পরীক্ষা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হলেও অজানা কারণে আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয়নি। এতদিন পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও আমাদের নিয়োগ দেয়া হয়নি। এমতাবস্থায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমাদেরকে বঞ্চিত করে আমাদের সাংবিধানিক ও মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করা হচ্ছে। অতিদ্রুত আমাদেরকে নিয়োগের দাবি জানাই। এসময় তারা নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

