টাকা পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। তারা যেনো টাকার বালিশে না ঘুমাতে পারে। দরকার হলে আন্তর্জাতিক আইন প্রয়োগ করে পাচারকারীদের দৌড়ের উপর রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার গভর্নর হিসেবে যোগদানের প্রথম দিনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, শুরুতেই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে। মূল্যস্ফীতি স্বাভাবিক গতিতে বেড়েছে, আবার স্বাভাবিক গতিতে কমবে। তবে মূল্যস্ফীতি কমতে কিছুটা সময় লাগবে। ব্যাংক খাত থেকে টাকা বের করে নেয়ায় অনেকগুলো ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কর্মকাণ্ডে যারা জড়িত ছিলো তারা চিহ্নিত হলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। এইচ মনসুর বলেন, এছাড়া বিভিন্ন ব্যাংকে এই মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিভিন্ন দাবি-দাওয়া ও মালিকানা নিয়ে এ বিশৃঙ্খলা হচ্ছে। তবে মালিকানা নিয়ে ন্যায়সঙ্গত বিষয়গুলো আইনানুসারে দেখা হবে। ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কাজ করতে হবে। এজন্য আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে বসতে হবে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

