ঢাকাSunday , 30 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে আমদানি কমে যাওয়ায় বেড়েছে পেঁয়াজের দাম

Link Copied!

দিনাজপুরে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানেই কেজি প্রতি দাম বেড়েছে ১০ টাকা। বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশীয় পেঁয়াজের ওপর চাপ বেড়ে যাওয়ায় বেড়েছে দাম। শুল্ক জটিলতার কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে আমদানিকারকরা নিরুৎসাহী হওয়ার জন্যই কমেছে ভারতীয় পেঁয়াজের সরবরাহ।
রোববার(৩০ জুন) দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার বাহাদুরবাজারে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে প্রকারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগেই পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা দরে এবং খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৯০ টাকা দরে। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
বাহাদুরবাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মাজেদুর রহমান জানান, ঈদের পর তারা ভারতীয় পেঁয়াজ সেভাবে পাননি। তাই দেশি পেঁয়াজই বিক্রি করছেন।
দাম বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ না আসায় দেশিয় পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। আর চাপ বেড়ে যাওয়ায় মোকামে বেড়েছে পেঁয়াজের দাম। তাই বেশি দামে পেঁয়াজ কিনে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। ভারতীয় পেঁয়াজ না আসলে সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা।
দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর দিনাজপুরের হিলি দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয় ভারত থেকে। কিন্তু এই বন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-অর রশিদ জানান, দুই দেশেই পেঁয়াজের শুল্ক বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ভারতেও পেঁয়াজের দাম বেশি। সে কারণে পেঁয়াজ আমদানিতে সুবিধা করতে পারছেন না তারা। এ জন্য পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।
বন্দরের আমদানিকারকরা জানান, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির পাশাপাশি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ভারত সরকার যদি শুল্ক প্রত্যাহার না করে অথবা শুল্ক না কমায়, তাহলে পেঁয়াজ আমদানি করে লোকসানে পড়বে তারা। এ জন্যই তারা পেঁয়াজ আমদানি করছেন না।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ঈদুল আজহার পর হিলি স্থলবন্দর দিয়ে দুইটি ট্রাকে মাত্র ৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।