গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঞ্চল্যকর ওছিকুর হত্যা মামলার প্রধান আসামী অভিযুক্ত কামরুজ্জামান ভূঁইয়া লুটুল (৪৮) এর জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত।
রোববার (৩০ জুন) সকালে স্বেচ্ছায় জামিন নিতে গেলে আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন। শুনানি অন্তে তিনি উক্ত হত্যা মামলায় অভিযুক্ত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত মোতাহার হোসেন ভুইয়ার ছেলে।
এর আগে উক্ত মামলায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলায় এজাহারভুক্ত একই গ্রামের মৃত ওদুদ শিকদারের ছেলে মজিবর শিকদার (৬৮) ও মৃত মোসলেম সিকদারের ছেলে ইকবাল সিকদার (৩৮) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ বিচারিক আদালত জামি শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। চাঞ্চল্যকর ওছিকুর হত্যা মামলায় এজাহারভুক্ত ২৩ জন আসামী সহ অজ্ঞাত ৪০/৫০ জন আসামীর মধ্যে এ পর্যন্ত ৩ জন আসামী জেল হাজতে রয়েছেন। এজাহারভুক্ত অন্য আসামীরা হাইকোর্ট কর্তৃক জামিনে রয়েছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশ পরিদর্শক মুহাম্মদ আনিচুর রহমান।

