রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা মারা গেছেন । রোববার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে গুলশানের বাসায় বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নাদিম মোস্তফা। ওই সময় দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
ঢাকা থেকে তার মরদেহ রাজশাহীতে নেয়া হলে মহানগরসহ জেলার কয়েকটি স্থানে জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে দলীয় নেতাকর্মীরা।
নাদিম মোস্তফা ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ওই আসন থেকে তিনি দলীয় মনোনয়ন পেলেও নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. মুনসুর রহমানের কাছে পরাজিত হন।

